ঢাকা: হরতালের বিপক্ষে মিছিল করা নিয়ে মিরপুর-১ নম্বরে ত্রিমুখী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়া তিনটি গ্রুপ হলো- স্থানীয় সংসদ সদস্য আসলামুল হকের সমর্থক, মিরপুরের আরেক সংসদ সদস্য তুহিনের সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কাশেম হালিমের সমর্থকরা।
সংঘর্ষে আসলামুল হকের ১৬ সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথমে পুলিশের পক্ষ থেকে এ ঘটনাকে জামায়াতের সঙ্গে সংঘর্ষ বলে জানানো হয়। তবে পরে জানা যায়, এটি আওয়ামী লীগের তিন পক্ষের মধ্যে সংঘর্ষ।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ভূঁইয়া মাহাবুব হোসেন বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।