সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়ম নিয়ে উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে চেয়ারম্যানের নেতৃত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ৮ মার্চ সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত এ বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, ভাইস চেয়ারম্যান আজমল হক সরকার, উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, কামারপুকুর ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ। বৈঠকে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ডা. আব্দুল মান্নান, দিলীপ কুমার সিং, জামিরুল ইসলাম, সাংবাদিক জয়নাল আবেদীন হিরো, ম্যানেজিং কমিটির সদস্য আতাউর রহমান, হাসানুল হক, আবেদ আলী চৌধুরী, সাগর তালুকদার, ম্যানেজিং কমিটির সদস্য আতিউর রহমান, কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল গফুর, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।
বৈঠকে কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার সিদ্ধান্ত গৃহিত হয়। সেই সাথে যাতে বিদ্যালয়ে বিশৃঙ্খলা না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য যে, কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল গফুর ও প্রধান শিক্ষক জয়নাল আবেদীন ব্যাপক দুর্নীতি করে আসছিলো। এসব দুর্নীতি ধামাচাপা দিতে আন্দোলনকারীদের নামে শিক্ষার্থীদের স্বাক্ষর নিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করে। এসবের প্রতিবাদ করেন ম্যানেজিং কমিটির সদস্য আতাউর রহমান। পরে এনিয়ে গণআন্দোলনে পরিণত হয়। দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনসহ ৭টি প্রতিবাদ ও জনসভা অনুষ্ঠিত হয় কামারপুকুর বাজারে। এছাড়া বিভিন্ন অফিসে দুর্নীতির বিরুদ্ধে অভিভাবকের স্বাক্ষর নিয়ে অভিযোগ দায়ের করে নাগরিক উন্নয়ন কমিটি, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ। এনিয়ে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ে যান তদন্তে। আগামী ১২ মে পুনরায় তদন্ত অনুষ্ঠিত হবে বলে জানা যায।