সিসি ডেস্ক: এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বরিশাল, হবিগঞ্জ ও ফেনীতে তিন শিক্ষার্থীর আত্মহত্যার খবর মিলেছে।
বরিশাল: বরিশালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে এক শিক্ষার্থী। বুধবার নগরীর প্যারারা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আত্মহননকারী সত্যজিৎ ঘোষ সিজান (১৭) বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি আতাউর রহমান জানান, পরীক্ষার ফলাফল জানতে পারে সিজান। এর পরপরই প্যারারা রোডে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছাদ থেকে ঝাঁপ দেয় সে।
স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করে। এর কিছু সময় পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিজান নগরীর কাঠপট্টি রোড এলাকার বাসিন্দা শেখর ঘোষের ছেলে।
হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার মাধবপুরে এবারের এসএসসি পরীক্ষায় পাস করতে না পারায় লিপি দেবনাথ নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর পৌরসভার নোয়াগাঁও গ্রামের কৃষ্ণ দেবনাথের মেয়ে লিপি দেবনাথ প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যলয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার খবর শুনে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মাধবপুর থানার উপপরিদর্শক (তদন্ত) কেএম আজমিরুজ্জামান জানান, এ বিষয়টি আমাদেরকে কেউ অবগত করেনি।
ফেনী: ফেনীর সোনাগাজীতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য এক ছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সন্ধ্যায় চর ভৈরব গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফেল কারার কথা শুনে ডলি রানী রায় (১৬) নিজ ঘরের ডাসার সঙ্গে রশি বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে চর চান্দিয়া ইউনিয়নের ভুঁঞাবাজার এলাকার চর ভৈরব হাজী তোফায়েল আহমেদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ওই স্কুলের সহকারী শিক্ষক ইন্দু কুমার রায় তার বাবা।
ডলির আত্মহত্যার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সহপাঠী ও আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ছাত্রীর বাবা ইন্দু কুমার রায় জানান, এসএসসি পরীক্ষায় ফেল করার কারণে ফাঁস দিয়ে ডলি আত্মহত্যা করেছে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল হক জানান, এবার ওই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ৬৪ জন শিক্ষার্থী অংশ নেয়। শুধু ডলি রানী রায় পরীক্ষায় ফেল করেছে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির স্কুলছাত্রী আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।