• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

রাজারহাটে ধান নিয়ে মহাবিপদে চাষীরা

ধানরফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রাম জেলার শস্য ভান্ডার হিসাবে খ্যাত রাজারহাট উপজেলায় চলতি বোরো মওসুমে আবহাওয়া অনুকুলে থাকায় ধানের বাম্পার ফলন হলেও বাজারে পানির দামে ধান বিক্রি হওয়ায় চাষীরা মহাবিপদে পড়েছে। এদিকে ধান কাটা-মাড়াইয়ের জন্য শ্রমিকদের চড়া দাম দিয়েও সঠিক সময়ে জমির পাকা ধান ঘরে তুলতে পারছে না কৃষকরা। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মওসুমে উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৯,১৮৬ মে. টন।  অপরদিকে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে সরকারিভাবে ২৩ টাকা কেজি দরে ৯২০ টাকা প্রতি মণ (৪০ কেজি) ধান ক্রয় করার লক্ষ্যে খাদ্য অধিদপ্তর থেকে গত ৫ মে খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযান করার নির্দেশনা থাকলেও তা এখনো শুরু হয়নি। রাজারহাট খাদ্য গুদাম কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, সরকারি ভাবে অত্র উপজেলায় চলতি মওসুমে প্রায় ১৭০০ মে. টন ধান ক্রয় করার নির্দেশনা এসেছে। ১২ মে থেকে কৃষকদের তালিকা প্রণয়নের কাজ শুরু হবে। এরপর চূড়ান্ত তালিকা হাতে পাওয়ার পর সংগ্রহ অভিযান শুরু করা হবে এবং তা চলবে ৩১-০৮-২০১৬ ইং পর্যন্ত। রাজারহাট সদর ইউনিয়নের মেকুরটারী এলাকার চাষী মো. এনামুল হক (৩২), দেবীচরণ এলাকার চাষী লেবু মিয়া (৩৫), গোলাম সরওয়ার বাবলু (৩৬) বলেন, এবার ধানের আবাদ করে বারোটা বেজেছে, প্রতি ৫ শতাংশ জমির ধান কাটতে শ্রমিককে দিতে হয় ৪০০ টাকা, তাও আবার সঠিক সময়ে শ্রমিক মিলে না। বাজারে প্রতি মণ মোটা ধান এখন ৩৮০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি মণ ধান উৎপাদন করতে কৃষকদের খরচ হয় প্রায় ৫০০ টাকা। আগামীতে ধানের আবাদ না করার সিদ্ধান্ত নিয়েছি। সবমিলিয়ে উপজেলার বোরো চাষীরা তাদের উৎপাদিত কাক্সিক্ষত ধান নিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে। গতকাল ১৬ মে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজারহাটে সরকারিভাবে ধান ক্রয় করা শুরু হয়নি।

রাজারহাটে মাদক ব্যবসায়ী আটক
কুড়িগ্রামের রাজারহাটে থানা পুলিশ অভিযান চালিয়ে এক গাঁজা ও ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজারহাট থানার এস আই তপন কুমার এবং গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান বাহাদুর (ধনিটারী) এলাকায় অভিযান চালিয়ে মৃত অফির উদ্দিনের পুত্র মন্তাজ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে। যার মামলা নং-০৯, তাং-১৫-০৫-২০১৬ ইং। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী মন্তাজ দীর্ঘদিন ধরে তার বাড়িতে গাঁজা ও ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল। সোমবার সকালে আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ