• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |

‘গ্রেপ্তার করতে হলে ইউনিফর্ম থাকতে হবে’

আটকসিসি নিউজ : ইউনিফর্ম না পরে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করার ঘটনা ভয়াবহ বলে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত বলেছেন, কাউকে গ্রেপ্তার করতে হলে ইউনিফর্ম পরিহিত অবস্থায় থাকতে হবে।

মঙ্গলবার বিনা পরোয়ানায় গ্রেপ্তারসংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও রিমান্ড-সংক্রান্ত ১৬৭ ধারার নির্দেশনার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিকালে আদালত এই উক্তি করেন।

শুনানির একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উদ্দেশে প্রধান বিচারপতি সে কে সিনহা বলেন, ‘বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হাইকোর্ট রায়ে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছিল। ১৩ বছর পার হয়ে গেলেও আপনারা (সরকার) একটি নির্দেশনাও প্রতিপালন করেননি।’

প্রধান বিচারপতি বলেন, ‘ফৌজদারি কার্যবিধি একটি কলোনিয়াল আইন। ১৯৭০ সালে মালয়েশিয়া এই আইনের সংশোধনী এনেছে। মালয়েশিয়াকে অনুসরণ করে পার্শ্ববর্তী দেশ ভারতও তাদের ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছে। কিন্তু আমরা এখনো এটি করতে পারছি না।’

এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমাদের দেশের সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে হাইকোর্টের নির্দেশনাসমূহ যথাযথ নয়। আর কাউকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশি হেফাজতে যদি কেউ মারা যায় তাহলে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দেশে আইন রয়েছে।’

প্রধান বিচারপতি বলেন, ‘যথাযথ চিন্তাভাবনা না করেই আইন প্রণয়ন না করার কারণেই বিচার বিভাগের ওপর মামলার চাপ আছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আমাকে বলেছেন, বঙ্গবন্ধুর বডিগার্ডের দায়িত্ব পালনকারী এক মুক্তিযোদ্ধার সন্তানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আজও তার খোঁজ পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে গ্রেপ্তার করেই গণমাধ্যমের সামনে হাজির করা গ্রহণযোগ্য নয়।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ