ফরিদপুর: গোয়ালন্দ ঘাট পতিতাপল্লীতে বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে পাঁচ কিশোরীকে উদ্ধার করেছে র্যাব-৮ ফরিদপুরের সদস্যরা। এ সময় লায়লা বেগম নামে এক বাড়িওয়ালীকে আটক করা হয়।
শুক্রবার সকালে ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ দাবি করে র্যাব।
র্যাব-৮ ফরিদপুর কোম্পানি অধিনায়ক মেজর আবদুল্লাহ আল হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট পতিতাপল্লীতে অভিযান চালানো হয়। এ সময় পতিতাপল্লী-সংলগ্ন একটি বাড়ি থেকে পাঁচ কিশোরীকে উদ্ধার করা হয়। এদের গত দুমাস ধরে ওই বাড়িতে আটকে রেখে জোরপূর্বক দেহব্যবসা করানো হচ্ছিল। একটি চক্র এই কিশোরীদের দেশের বিভিন্ন জেলা থেকে অপহরণ ও প্রতারণার মাধ্যমে এনে এখনে বিক্রি করে। ওই চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে বাড়িওয়ালী লায়লা বেগমকে আটক করা হয়েছে।
র্যাব কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতিসহ কিশোরীদের অভিভাবকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।