• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |

আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা

সুচন্দাবিনোদন ডেস্ক : আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা। ৩১ মে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে আনন্দ বিনোদন স্টার অ্যাওয়ার্ড। সেখানেই তাকে এ সম্মাননা দেওয়া হবে। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হচ্ছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে সুচন্দা বলেন, ‘কাজের স্বীকৃতি হচ্ছে সম্মাননা। সারাজীবন চলচ্চিত্রকে ভালোবেসেছি। মনপ্রাণ এতেই সঁপে দিয়েছি। তার প্রতিদানস্বরূপ সম্মাননা পাচ্ছি। এ ভালো লাগা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। আমি খুব আনন্দিত, উদ্বেলিত। আমার মনে হচ্ছে- আমি কিছু করতে পেরেছি। তা না হলে মানুষের এত ভালোবাসা পেতাম না।’
১৯৬৬ সালে সুভাষ দত্তের ‘কাগজের নৌকা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে সুচন্দার অভিষেক ঘটে। ১৯৬৭ সালে জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। ১৯৬৮ সালের শেষের দিকে জহির রায়হানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তার স্বামী জহির রায়হান প্রসঙ্গে সুচন্দা বলেন, ‘আসলে ব্যক্তি জহিরের প্রতি আমার ভালোলাগা যতটা জন্ম নিয়েছিল তার চেয়ে তার কাজ, তার গুণে আমি মুগ্ধ ছিলাম। তাই তার প্রতিভার প্রতি সম্মান জানাতে গিয়েই তার প্রতি দুর্বল হয়ে পড়ি।’
বাংলা সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি উর্দু চলচ্চিত্রেও কাজ করেছিলেন সুচন্দা।  যেমন- ‘যাহা বাজে সাহনাই’, ‘পিয়াসা’, ‘হাম এ্যাক হো’ ইত্যাদি। ‘হ্যম এ্যাক হো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পাকিস্তান থেকে নিগার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তার নির্মিত একমাত্র চলচ্চিত্র ‘হাজার বছর ধরে’। এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছিলেন এটিএম শামসুজ্জামান, রিয়াজ ও শারমীন জোহা শশী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ