সিসি নিউজ: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভূষিরবন্দরে প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়েছে। সোমবার বাংলাদেশ প্রতিভা বিকাশ সংঘ নামের একটি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের হাতে ওই পুরস্কার তুলে দেন।
আলোকডিহি জেবি স্কুলে সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলী শাহ’র সভাপতিত্বে ভূষিরবন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সুনীল কুমার সাহা। বক্তব্য রাখেন ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সাংবাদিক জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে এলাকার ১১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীরা ছাড়াও তাদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রতিভা বিকাশ সংঘের প্রতিষ্ঠাতা ও পরিচালক অমূল্য চন্দ্র রায় সিসি নিউজকে জানান, প্রতি বছর এ ইউনিয়নের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের এধরনের পুরস্কারের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, সংঘের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম পরিচালনা করা হবে।