• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

লক্ষ্মীপুরে দুই ভাইকে গুলি করে হত্যা

গুলিলক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মো. ইসমাইল হোসেন চৌধুরী ও তার ভাই ইব্রাহীম হোসেন রতনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদের মধ্যে একজন এলাকার শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে স্থানীয়রা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামের বৈদ্দের বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই সদর উপজেলার পূর্ব বশিকপুর গ্রামের মুন্সি বাড়ির শরিফ উদ্দিনের ছেলে।

নিহতদের চাচাতো ভাই হারুনুর রশিদ জানান, সকালে দুই ভাই বাড়ির পাশে মাছের ঘেরে খাওয়ার দিয়ে বৈদ্দের বাড়ির মোড়ের ওই দোকানে বসে চা পান করছিলেন। এ সময় সিএনজি-চালিত অটোরিকশায় করে আসা চার/পাঁচজন যুবক খুব কাছ থেকে তাদের গুলি করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলে দুইজনের মাথার খুলি উড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মাথায়, হাত ও শরীরের বিভিন্ন অংশে গুলি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, মো. ইসমাইল হোসেন চৌধুরী ও ইব্রাহিম হোসেন রতন আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দুই বছর আগে তারা আওয়ামী লীগে যোগ দেয়। বর্তমানে তারা আওয়ামী লীগের কর্মী হিসেবে এলাকায় পরিচিত।

স্থানীয়রা আরো জানায়, রতন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের ধারণা, দুই ভাইকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা হত্যা করেছে। সদর উপজেলার দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার শাহাজী দুই ভাই নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ