দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষাই পারে আমাদের বিশ্বমানে পৌঁছে দিতে। জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় অবাধ বিচরণে পারদর্শী করে তুলতে শিক্ষার্থীদেরকে প্রস্তুত করতে হবে। এর মধ্যে দিয়ে বিশ্বের সকল প্রান্তের মেধাবীদের সাথে মোকাবেলা করেই আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাবে।
বৃহস্পতিবার (২৬ মে) দিনাজপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এমপি প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুঁথিগত শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ সাধন করতে হবে। সেকারণে বর্তমান সরকার শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। শরীর ও মন সুস্থ রাখতে খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের বিকল্প নেই। এ জন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও খেলাধুলায় উৎসাহিত করতে হবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আনজুমান আখতার’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন, জেলা প্রশাসক মীর খায়রুল আলম। স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মো. মোজাম্মেল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী সংসদের ভিপি তাসরিফা আশা। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ কর্ম বিভাগের সহকারী অধ্যাপক সামস পারভীন রুমী ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক আশালতা রায়।
আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিরতণ করেন। শেষে ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।