সিসি নিউজ: অর্থ আত্মসাতের মামলায় সৈয়দপুর মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার পাটোয়ারী আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে বিবাদী জামিনের জন্য আবেদন করলে আদালতের বিচারক মামলার পরবর্তী ধার্য্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
সূত্র মতে, ২০০৪ সালে ১৬ ফেব্রুয়ারী সৈয়দপুর মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন আব্দুস সাত্তার পাটোয়ারী। অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন কালে কলেজের ২৬ লাখ ৭১ হাজার ৪’শ ১৯ টাকা আত্মসাতের অভিযোগ আনেন কলেজ কর্তৃপক্ষ। এ কারনে কর্তৃপক্ষ ২০০৯ সালে ২৫ মে অধ্যক্ষ আব্দুস সাত্তার পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করেন। পরে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোকলেছুর রহমাননিজে বাদী হয়ে ২০০৯ সালের ২৫ অক্টোবর সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলার তদন্ত শেষে অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে দাখিল করেন। পরবর্তীতে আদালত মামলাটি দূর্ণীতি দমন কমিশনে হস্তান্তর করেন। কমিশন তদন্ত শেষে ৮টি চার্জশীট দাখিল করলে আদালত বিবাদীর নামে গ্রেফতারী পরোয়ানা জারি করে। চলতি সালের মে মাসের শেষের দিকে সৈয়দপুর থানা পুলিশ অধ্যক্ষ আব্দুস সাত্তার পাটোয়ারীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।