ঢাকা: দলীয় লোগো পরিবর্তনের খবর নাকচ করে দিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক তাসনীম আলম জানিয়েছেন, সর্বশেষ গঠনতন্ত্র সংশোধনের পর জামায়াতের কোনো লোগো নেই।
তিনি বলেন, ‘কোনো সংগঠনের গঠনতন্ত্রই লোগো বহন করে। সর্বশেষ সংশোধিত গঠনতন্ত্র যা নির্বাচন কমিশনে জমা আছে, তাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো লোগো নেই’
মঙ্গলবার গণমাধ্যমে এক বিবৃতিকে কেন্দ্র করে দেশের কয়েকটি পত্রিকায় জামায়াতের লোগো পরিবর্তন সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বুধবার দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
তাসনীম আলম বলেন, ‘সর্বশেষ গঠনতন্ত্র সংশোধনের পর বর্তমানে আমরা নতুন কোনো লোগো চালু করিনি। তাই আমাদের এ বক্তব্যের পরে আশা করি এ সংক্রান্ত সকল ভুল বোঝাবুঝি দূর হবে।’
উল্লেখ্য, ২০০৮ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হয়।
সেসময় নির্বাচনে কমিশনে জমা দেয়া গঠনতন্ত্রে কোনো লোগো ব্যবহার করেনি জামায়াত। কিন্তু তার পূর্বে দাড়িপাল্লা এবং আরবিতে ‘আকিমুদ-দ্বীন’ লেখা লোগো ব্যবহার করত দলটি।