সিসি ডেস্ক: মশার উৎপাতে অতিষ্ঠ অনেকেই। একে তো সুযোগ পেলেই কামড়ে অতিষ্ঠ করে থাকে, তার ওপর যদি বিশেষ প্রজাতির মশা কামড়ে থাকে তাহলে তো নানা রোগে ভুগতে হয়। ঘুমের সময় না হয়, মশারি খাটিয়ে মশার যন্ত্রণা থেকে মুক্তি মেলে। কিন্তু ড্রয়ংরুমে টিভি দেখার সময় তো আর সেখানে মশারি খাটিয়ে টিভি দেখাটা সম্ভব নয়।
সুতরাং যদি এমন হয় যে, টিভি দেখার সময় টিভিই মশা তাড়িয়ে দেবে! তাহলে নিশ্চয় তা দারুন কিছু। এমন সুবিধা পাওয়া যাবে এলজির নতুন টেলিভিশনে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, এলজি বাজারে নিয়ে এসেছে ‘মসকিউটো অ্যাওয়ে’ নামক টেলিভিশন। এই টেলিভিশনটিতে আল্ট্রাসনিক ডিভাইস ব্যবহার করা হয়েছে। ফলে যখন টেলিভিশনটি চালু করা হবে তখন এটি একটি সাউন্ড ওয়েব প্রযুক্তি ব্যবহার করবে, যা মশা তাড়াবে।
এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়ার বিবৃতিতে জানানো হয়েছে, টিভি-র শব্দের সঙ্গে এমন ধরনের ‘টক্সিক রেপেল্যান্ট’ ব্যবহার করা হয়েছে, যা মানুষের শরীরে কোনো খারাপ প্রভাব ফেলবে না, তবে মশাদেরকে তাড়াবে। পাশাপাশি এই ‘টক্সিক রেপেল্যান্ট’ স্থায়ী সুবিধার, ফলে এটাকে রিফিলিং করার কোনো দরকার নেই।
এতদিন তো টেলিভিশনে মশার যন্ত্রণা থেকে মুক্তির জন্য কয়েল, অ্যারোসল সহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেখেছেন। এবার স্বয়ং টেলিভিশন দেবে এ সুবিধা। এলজি ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ সম্প্রতি ‘মসকিউটো অ্যাওয়ে’ সিরিজের ৩২ ও ৪২ ইঞ্চি টেলিভিশন ভারতের বাজারে নিয়ে এসেছে। দাম যথাক্রমে ২৬,৯০০ রুপি ও ৪৭,৫০০ রুপি। বাংলাদেশের বাজারে কবে নাগাদ পাওয়া যাবে, তা জানা যায়নি।