গাইবান্ধা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে আপত্তিকর ছবি দিয়ে ফেসবুকে প্রকাশের অভিযোগে জেলার গোবিন্দগঞ্জ থেকে বায়েজিদ মন্ডলকে (২৭) আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাহার পূর্বপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। বায়েজিদ ওই গ্রামের আবদুল বারিক মন্ডলের ছেলে। রাজাহার বাজারে তার মুদি দোকান রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বায়েজিদ তার মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে অশ্লীল ছবি দিয়ে নিজের আইডি ব্যবহার করে ফেসবুকে প্রকাশ করেছে- এমন অভিযোগে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।