ঢাকা: উত্তরার ১৪ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশের একটি খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনাকে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শনিবার রাত পৌনে ১১টায় ঘটনাস্থল পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যারা দেশে স্বাধীনতা চায় না, গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশের উন্নয়নে বিশ্বাস করে না, যুদ্ধাপরাধীদের বিচার চায় না, এমন চক্রই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকের অস্ত্র উদ্ধার এই ষড়যন্ত্রেরই অংশ।
দেশব্যাপী সাঁড়াশি অভিযানে ব্যাপক সফলতা এসেছে উল্লেখ করে তিনি বলেন, এ অভিযানে আমরা শতাধিক জঙ্গিকে গ্রেপ্তার করেছি। আর নিজেদের কাছে অস্ত্র রাখা নিরাপদ মনে করেনি বলেই নাশকতাকারীরা এতোগুলো অস্ত্র এখানে রেখে গেছে।
ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র কে বা কারা এনেছে বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সবক’টি ইউনিট কাজ শুরু করেছে বলেও জানান ডিএমপি কমিশনার।