ঢাকা: ঢাকার উত্তরায় দিয়াবাড়ী খালে দ্বিতীয় দিনের অভিযানে আরো একটি কার্টনভর্তি বন্দুকের ম্যাগাজিন পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আগের দিন ওই খাল থেকেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছিল।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদুল হক বলেন, রবিবার সকাল সোয়া ১১টার দিকে ওই কর্টন খুঁজে পান তাদের একজন ডুবুরি।
তিনি জানান, ডুবুরি ইউসুফ ৩২টি ম্যাগাজিন ভর্তি একটি কার্টন উদ্ধার করেছেন। ঘটনাস্থলে এখনও ছয়জন ডুবুরি তল্লাশি কাজে নিয়োজিত আছেন।
উত্তরা ১৬ নম্বর সেক্টরের দিয়াবাড়ী খাল থেকে শনিবার উদ্ধার ৯৭টি পিস্তল, ৪৬২টি ম্যাগাজিন, ১০৬০টি গুলি ও ১০টি বেয়নেট উদ্ধার করা হয়। এছাড়া পাওয়া গেছে ১০৪টি গুলি তৈরির ছাচ।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, পিস্তলগুলোর মধ্যে ৯৫টিই বিদেশি; বেশিরভাগই সেভেন পয়েন্ট সিক্স টু বোরের।
যেসব ম্যাগাজিন শনিবার পাওয়া গেছে তার মধ্যে ২৬৩টি এসএমজির। আর গুলির মধ্যে ২২০টি সেভেন পয়েন্ট সিক্স টু বোর পিস্তলের এবং ৮৪০টি নাইন এমএম পিস্তলের।
মাসুদুর রহমান জানান, সম্প্রতি তুরাগ থানা থেকে দক্ষিণখান থানায় বদলি হওয়া এক কনস্টেবল শনিবার দুপুরে স্ত্রী-সন্তানদের নিয়ে ওই খালপাড় দিয়ে যাচ্ছিলেন।
সে সময় সন্তানকে প্রস্রাব করানোর জন্য পাশে নিয়ে গিয়ে নম্বরপ্লেটবিহীন একটি কালো পাজেরো গাড়ি এবং তার পাশে চার-পাঁচজন লোককে দেখেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তুরাগ থানায় ফোন করেন তিনি।
পরে তুরাগ থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাতটি ট্রাভেল ব্যাগে এসব অস্ত্র ও গুলি পায়।
দেশে জঙ্গিবিরোধী অভিযানের মধ্যেই এসব অস্ত্রশস্ত্রের সন্ধান মিললো। তবে এগুলো কারা ব্যবহার করার জন্য এনেছে তা এখনো জানা যায়নি।