গাজীপুর : টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার কাউন্সিলর শহিদুর রহমান শিপনসহ তিনজনকে ইয়াবাসহ আটক করেছে গাজীপুরের জয়দেবপুর থানার পুলিশ।
বুধবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর থানার বাউয়ারা কুমারজানি এলাকার নজরুল ইসলামের ছেলে পৌর কাউন্সিলর শহিদুর রহমান শিপন (৪২), তার স্ত্রী শ্যামলী (২৭) এবং গাড়িচালক মিনহাজ উদ্দিন (৪০)।
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল চেকপোস্ট এলাকায় রাত সাড়ে ৩টার দিকে একটি মাইক্রোকে থামার সংকেত দেওয়া হয়। সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে গাড়িটি থামানো হয়। পরে গাড়ি তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শহিদুর রহমান শিপন নিজেকে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার কাউন্সিলর হিসেবে পরিচয় দিয়েছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।