সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জে জুয়ার আসর থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ব্রহ্মগাছা হাটখোলা থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে ব্রহ্মগাছা গ্রামের মৃত তমেজ আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম শহিদের নাম জানা গেলেও বাকীদের নাম জানা যায়নি।
ব্রহ্মগাছা ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ নাজির জুয়ার আসর থেকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ ৪ জন আটকের বিষয়টি নিশ্চিত করলেও রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস অস্বীকার করেছেন।
সহকারী পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মোতাহার হোসেন জুয়ার আসর থেকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছে। তবে আটককৃতদের নাম জানাননি তিনি। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগের কোনো নেতা আছে কিনা তাও জানাতে পারেননি।