বিনোদন ডেস্ক : রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত সিনেমা ‘মির্জিয়া’। টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় সিনেমাটি। এবার প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেইলার।
এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে দুই তারকা সন্তান-অভিনেতা অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন এবং অভিনেত্রী তানভি আজমির ভাতিজি সাইয়ামি খেরের। সিনেমায় এ জুটির অন্তরঙ্গ রসায়ন দেখতে পাবেন দর্শক।
‘দ্য লিজেন্ড অব মির্জিয়া-সাহিবান’ লোকগাঁথা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘মির্জিয়া’ সিনেমাটি। নানা নাটকীয়তা এবং অ্যাকশন দৃশ্যের মাধ্যমে এগিয়েছে এপিক অ্যাকশন-রোমান্স ঘরানার এ সিনেমার গল্প। সিনেমার দৃশ্য ধারণের কাজ হয়েছে ভারতের রাজস্থান এবং লাদাখ অঞ্চলে।
ট্রেইলারের শুরু হয়েছে শংকর, এহসান এবং লয়ের মিউজিক দিয়ে। পাশাপাশি রয়েছে দালের মেহদির গান। ট্রেইলারে দেখানো হয়েছে, দুটি সময়ের গল্প। হর্ষবর্ধন ও সাইয়ামিকেও উপস্থাপন করা হয়েছে দুইভাবে। এ দুজনকে নিয়েই তৈরি হয়েছে সিনেমার গল্প।
ট্রেইলারের শুরুতে দেখানো হয়েছে, সাইয়ামি তার ছোটবেলার বন্ধু মণীশকে (হর্ষবর্ধন) নিয়ে কথা বলছে। তারপর দেখা যায়, সাইয়ানির সঙ্গে অন্য একজনের প্রেমের সম্পর্ক। একসময় তার জীবনে ফিরে আসে মাণীশ এবং এ নিয়ে তৈরি হয় সংকট।
এরপর গল্প সম্পূর্ণ অন্য একসময়ের। সেখানে হর্ষবর্ধন ও সাইয়ামি দুজনই কোনো রাজ্যের যোদ্ধা। এছাড়া দেখানো হয়েছে তাদের রসায়ন। ‘মির্জিয়া’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন গুলজার। সিনেমায় হর্ষবর্ধন এবং সাইয়ামি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ওমপুরী, আর্ট মালিক এবং কে কে রাইনা।
দেখুন : মির্জিয়া সিনেমার ট্রেইলার