নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বাবার অবিযোগের ভিত্তিতে মাদকাসক্ত এক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃত মাদকাসক্ত ছেলে হলেন রাশেদ খান ওরফে পাখি (২২)। সে জেলার ডিমলা উপজেলার দক্ষিন তিতপাড়া গ্রামের জোবায়দুল ইসলামের ছেলে।
সূত্র মতে, মাদকাসক্ত রাশেদ খান বাড়ীতে প্রায় মাদক ক্রয়ের টাকার জন্য নানা রকম অত্যাচার করত। এ অবস্থায় নিরূপায় বাবা পুলিশে অভিযোগ করেন। বাবার অভিযোগের ভিত্তিতে গতকাল রবিবার রাতে রাশেদকে গ্রেফতার করে ডিমলা থানা পুলিশ। পরে তাকে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায়ের ভ্রাম্যমান আদালতে হাজির করে পুলিশ। ভ্রাম্যমান আদালত তাকে এ সাজা প্রদান করেন। আজ সোমবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।