শরীফুল ইসলাম, চাঁদপুর: পথে পথে বিড়ম্বনা। ঘরমুখো মানুষের এই ভোগান্তি নিয়ে শুরু হয়েছে ঈদ আনন্দ। সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস সাথে সাথে ঈদ করতে নারীর টানে ঘরে ফিরতে শুরু করেছেন মানুষ। আজ থেকে দীর্ঘ ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবিরা। তাই চাকরিজীবীদের একটি বড় অংশ বৃহস্পতিবার থেকে ঘরে ফিরতে শুরু করেছে। সকাল থেকে এই যাত্রা শুরু হলেও পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, সন্ধ্যার পর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এই চাপ থাকবে সবচেয়ে বেশি।
সকাল থেকে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রিদের তেমন চান না থাকলেও বিকেল থেকে লঞ্চগুলোতে আসতে শুরু করেন যাত্রিরা। লঞ্চ টার্মিনালসহ অন্যান্য বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে। অনেকে পরিবার নিয়ে গ্রামের বাড়ি ফেরার জন্য বাস টার্মিনালে ভিড় করছেন এবং লঞ্চ যোগে নিজ গন্তব্যে ফিরছেন।
পরিবহন দায়িত্বরত একব্যক্তি জানালেন, বৃহস্পতিবার সকাল থেকেই চাপ ছিলো। তবে বিকেল থেকে রাত পর্যন্ত মানুষের প্রচ- চাপ থাকবে। মূলত আজ শুক্রবার সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়ে চাঁদপুর আসবেন। এসব মানুষ ঘর থেকে বের হয়েই পড়েন নানা ঝক্কি-ঝামেলায়। পথে পথে তারা শিকার হন নানা দুর্ভোগে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন যানজটে আটকে থেকে।
এদিকে লঞ্চ স্টেশনেও দেখা যায় উপচে পড়া যাত্রী। একাধিক লঞ্চযাত্রী বলেন, ঈদের আরো কয়েকদিন থাকলেও যাত্রীদের উপচে পড়া ভিড়ে এখনই লঞ্চের ছাদে চড়তে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি লঞ্চেই ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহন নিষেধ থাকলে তা মানছেন না লঞ্চমালিক ও শ্রমিকেরা। আর এটা মনিটরিংয়ের জন্য যারা দায়িত্বে আছেন তারাও চুপ।