বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় মাওলানা মতিউর রহমান মতি (৪০) নামে এক বিয়ে নিবন্ধককে (কাজী) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাতি গ্রামে ফাঁকা রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে। মতিউর রহমান ধুনটের বলারবাড়ি গ্রামের মৃত মোনছের আলীর ছেলে এবং গোপালনগর ইউনিয়নের বিয়ে নিবন্ধক।
তার ছোট ভাই সাইফুল ইসলাম জানান, মতিউর রহমান বানিয়াগাতি বাজার মসজিদে মুসল্লিদের তারাবির নামাজ পড়াতেন। ওই মসজিদ থেকে তার বাড়ির দূরত্ব প্রায় এক কিলোমিটার।
প্রতিরাতের মতো রবিবার রাতেও তারাবির নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন তিনি। মসজিদ থেকে প্রায় ৫০০ গজ দূরে পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে মতিউরের মাথায় কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধুনট থানার ওসি (তদন্ত) পঞ্চনন্দ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মতিউর রহমানের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। এ হত্যাকাণ্ডের কারণ এখনও জানা সম্ভব হয়নি।