ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত আরো অন্তত ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পিকআপ ভ্যানটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরো ৪ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ১৪ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনো হতাহতের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী নামকস্থানে ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নারীসহ ৫ জন নিহত এবং হাসপাতালে নেয়ার পর আরো ৩ জনের মৃত্যু হয়।