চট্টগ্রাম: ফটিকছড়ির হালদা নদীতে শুক্রবার নৌকাডুবির পর যে পাঁচজন নিখোঁজ ছিলেন শনিবার দুই দফায় এক শিশুশহ তাদের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- নুরুল ইসলাম, রিমন, রেজভী ও আদনান। এদের মধ্যে আদনানের বয়স ৭ বছর।
শনিবার সকাল সাড়ে ৯টায় নামার ঘাটা এবং কুম্বারপাড়া নামক এলাকা ঘটনাস্থল থেকে এ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল এখনো অভিযান চালাচ্ছে।
শুক্রবার সকালে সুয়াবিল থেকে নৌকাযোগে প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে সুন্দরপুরের দিকে যাচ্ছিল একটি নৌকা। নাইচ্ছের ঘাটে পৌঁছে নৌকাটির সঙ্গে একটি বাঁশের ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায় ও নৌকায় থাকা অধিকাংশ যাত্রী স্রোতে ভেসে যান।