তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধি: তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় চার বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম মধু মিয়া (৪)। সে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি দুড়াকুঠি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, রবিবার রাতে মনোয়ার হোসেন তাঁর ছেলে মধু মিয়াকে বাইসাইকেলের পেছনে বসিয়ে তারাগঞ্জের ঘনিরামপুর গ্রামের জামাতা রশিদুল ইসলামের বাড়ি থেকে নিজবাড়ি ফিরছিলেন। পথে রংপুর-সৈয়দপুর মহাসড়কে তারাগঞ্জ উপজেলার খালেক হিমাগারের সামনে একটি মোটরসাইকেল বাইসাইকেলটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে মনোয়ার ও তাঁর ছেলে সড়কের উপর ছিটকে পড়ে যায়। স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার সময় মধু মিয়া মারা যায়। মোটরসাইকেল নিয়ে চালক পালিয়ে যান।