আজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জ রেলওয়ে স্টেশনপাড়া এখন মাদকের হাটবাজারে পরিণত হয়েছে। দিনরাত সেখানে জমজমাটভাবে মাদক ব্যবসা চললেও আইন প্রয়োগকারী সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেনা। ফলে ওই এলাকার মাদক সম্রাট খোরশেদ আলম ও মাদক সম্রাজ্ঞী পারভীন বেগম এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
এলাকাবাসীর একাধিক অভিযোগে জানা যায়, বদরগঞ্জ রেলওয়ে স্টেশনপাড়ার আল-আমীনের ছেলে খোরশেদ আলম (৩২) ও একই এলাকার মৃত মনা মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪০) দীর্ঘদিন ধরে স্টেশনপাড়ায় হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, দেশীয় মদ, গাজাসহ ভারতীয় বিভিন্ন নেশাদ্রব্য জাতীয় মাদকের হাট বসিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। সেখানে দিনের বেলায় ক্রেতা একটু কম হলেও সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে ক্রেতা সাধারনের আগমনে মুখরিত হয়ে স্টেশনপাড়ার মাদকেরহাট। সেখানে মাদক বিক্রির পাশাপাশি রেলবস্তি এলাকাগুলোতে অতি গোপনে চলে দেহব্যবসা।
আজ সোমবার স্টেশনপাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, মাদক সম্রাট খোরশেদ আলম ও পারভীন বেগম অদৃশ্য খুঁটির জোরে প্রশাসনের নাকের ডগায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। পারভীন বেগম নিজেই এই ব্যবসা চালিয়ে গেলেও খোরশেদ আলম ৫/৬জন নারী পুরুষ কর্মচারীর মাধ্যমে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। যার ফলে হাতের কাছে অতি সহযে মাদকদ্রব্য পেয়ে যুব সমাজ নেশায় হাবুডুবু খেতে খেতে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। এমনকি এই মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা পাচ্ছেনা স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীসহ উঠতি বয়সের তরুন যুবকরা। অনেকেই নেশার টাকা সংগ্রহ করতে গিয়ে চুরি ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। সচেতন মহলের দাবী মাদক ব্যবসায়ী খোরশেদ ও পারভীনকে গ্রেফতার করা হলে ওই এলাকার মদক ব্যবসা বন্ধ হবে। এদিকে পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার চামেলী বেগম (৪৮) পুলিশের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন ধরে তার বাড়ীতে দেহব্যবসা চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে উঠতি বয়সী পতিতাদের ভাড়া করে এনে নিজের আত্মীয়ের পরিচয়ে দেহ ব্যবসা চালান বলে মহল্লাবাসীর অভিযোগে জানা গেছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর কহিনুর আনাম জানান, মাদক ব্যবসায়ীদের পিছনে অনেক বড় বড় হাত রয়েছে বলে এখনো স্টেশনপাড়ার মাদক ব্যবসা বন্ধ হয়নি।
বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, খুব শীঘ্রই স্টেশনপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ব্যবসায়ীদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবেনা।