সিসি নিউজ: ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ‘মাদকমুক্ত সমাজ’ গড়তে রচনা প্রতিযোগিতায় নীলফামারী জেলার শ্রেষ্ঠ ৬ শিক্ষার্থীর মধ্যে সৈয়দপুরের ৫ শিক্ষার্থী মনোনীত হয়েছে। সোমবার (১২ জুলাই) নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদসহ জেলার সকল ইউএনও এবং জেলা পর্যায়ের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে গত ২৬ জুন ‘মাদক বিরোধী দিবস’ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে মাধ্যমিকস্তরে (ক-গ্রুপ) ও উচ্চ মাধ্যমিকস্তরে (খ-গ্রুপ) জেলার ৬২ জন শিক্ষার্থী রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। এতে ক-গ্রুপে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ তাসনুবা তিথি ও খ-গ্রুপে সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের ফারিহা তামান্না মিম প্রথম স্থান অধিকার করেছে। প্রতিযোগিতায় বিজয়ী ৬জনের মধ্যে রয়েছে সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের ২, সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ৩ ও নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১জন শিক্ষার্থী।