রংপুর: চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা। বুধবার বিকেলে শিক্ষানবিশ চিকিৎসকদের জরুরি সভা শেষে কর্মবিরতি শুরু করেন তারা।
শিক্ষানবিশ চিকিৎসক মাহফুজুল হক রাকিব জানান, কিছুদিন ধরে ইন্টার্ন চিকিৎসক পরিষদের কমিটি না থাকায় আমরা ১৮০ জন ইন্টার্ন চিকিৎসক জরুরি সভা করে লাগাতার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
মঙ্গলবার রাতে রংপুর শহরের গণেশপুর বকুলতলা এলাকার ব্যবসায়ী মন্টু মিয়া ঢাকা থেকে রংপুর আসার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। এতে মন্টু মিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বুধবার ভোরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে ভুল চিকিৎসা ও অবহেলায় মন্টু মারা গেছেন বলে অভিযোগ তুলে নিহত মন্টুর স্বজনদের সঙ্গে হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে বেলা ১২টার দিকে শাপলা চত্বরে সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা।
এর আগে চিকিৎসকদের উপর হামলা ও হাসপাতাল ভাঙচুরের অভিযোগ এনে রোগীর স্বজনদের গ্রেফতারের দাবিতে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন চিকিৎসকরা।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক শফিকুল ইসলাম চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষানবিশ চিকিৎসকদের কাজে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।