ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: ডিমলায় কলেজ ছাত্রীকে যৌন হয়রানী করার অভিযোগে আব্দুল লতিফ (৩০) নামের এক যুবককে ভ্রাম্যমান আদালত ৭ দিনের বিনাসশ্রম কারাদন্ড প্রদান করেছে। আজ বুধবার বেলা ১১টায় সাজাপ্রাপ্ত যুবককে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়। সে নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের নটাবাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
অভিযোগে জানা যায়, একই এলাকার ডিমলা মহিলা কলেজের ওই ছাত্রীকে কলেজে আসা যাওয়ার সময় ওই যুবক পথে যৌন হয়রানী করে আসছিল। এ ঘটনায় ছাত্রীটি ডিমলা থানায় অভিযোগ করে। অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতে নেয়। রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র রায় ওই যুবককে ৭ দিনের বিনাসশ্রম কারাদন্ড প্রদান করে। ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।