রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে সেজান জুস ফ্যাক্টরির ৪০০ মণ পঁচা আম ধ্বংস করা হয়েছে। এসব আম দিয়ে জুস তৈরির অভিযোগে ফ্যাক্টরিটিকে দুই লাখ টাকা জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়।
গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, উপজেলার চব্বিশনগরে সেজান জুসের একটি ফ্যাক্টরি রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে অত্যন্ত নিম্নমানের দুর্গন্ধযুক্ত ২০০ মণ আধাপঁচা আম কিনে চারটি ট্রলিতে করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাধুরমোড় এলাকায় ওই ট্রলি চারটি আটক করে পুলিশ। এরপর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে তার নির্দেশে আমগুলো উপজেলার সাহাব্দিপুর এলাকায় নিয়ে গিয়ে ধ্বংস করা হয়।
ওসি আরো জানান, দুপুরে তিনি ও উপজেলা নির্বাহী অফিসার চব্বিশনগরে সেজান জুসের ফ্যাক্টরিটিতে অভিযান চালান। এসময় সেখানে আরো প্রায় ২০০ মণ আধাপঁচা দুর্গন্ধযুক্ত আম পাওয়া যায়। পরে সেগুলোও ধ্বংস করা হয়। এসব আম দিয়ে জুস তৈরির অভিযোগে ফ্যাক্টরিটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালিদ হোসেন এ রায় দেন। পরে ফ্যাক্টরির ব্যবস্থাপক আবদুল করিম জরিমানার টাকা পরিশোধ করেন।