ঢাকা: জুমার নামাজে জঙ্গিবাদবিরোধী খুতবাহ পাঠে সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সদস্যদের সম্পৃক্ত করার সুপারিশ করা হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে গুলশানের হলি আর্টিসান বেকারী, শোলাকিয়া ঈদগাহ ময়দান, পবিত্র মক্কা ও মদিনা মনোয়ারাতে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে মাগফিরাত ও শান্তি কামনা করে মোনাজাত ১ মিনিট নীরবতা পালন করা হয় ।
দেশের সকল মসজিদে পবিত্র জুমার দিনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সরবরাহকৃত জঙ্গিবাদবিরোধী খুতবা পাঠের বিষয়ে আলোচনা হয় এবং খুতবাহে জঙ্গিবাদ বিষয়ে ইসলাম ধর্মের মর্মবাণীসহ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতির বিষয়গুলো অন্তর্ভুক্ত করা উচিত বলে মতামত দেন সদস্যরা।
বৈঠকে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতিকে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা হয়।
২০১৬ সালের হজ সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য মন্ত্রণালয় ও সংসদীয় কমিটি একসঙ্গে কাজ করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করে। এছাড়াও হাব সমন্বয় পরিষদের ব্যানারে যে সকল এজেন্সি ২০১৬ সালের হজ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় বিবৃতি দিয়ে হজ কার্যক্রমকে বিতর্কিত করার অপপ্রয়াস চালিয়েছে তাদের বৈধতা ও আইনগত ভিত্তি খতিয়ে দেখার এবং তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় বৈঠকে।
বৈঠকে কমিটির সভাপতি বজলুল হক হারুন বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মো. আসলামুল হক, এ.কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মো. মকবুল হোসেন, মোহাম্মদ আমির হোসেন এবং দিলারা বেগম বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।