দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম বলেছেন, আজ শিক্ষার্থীরা যে পদক পেয়েছে তার সম্মান ধরে রাখতে হবে এবং নিয়মিত পড়ালেখা করতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে দুরে থাকতে হবে। সন্তানরা কোথায় যায়, কার সাথে মিশে এই ব্যাপারে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। তবে অআপনার সন্ত্রন বিপদগামী হবে না।
মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের উদ্যোগে স্থানীয় মনসুর হাজী দাখিল মাদরাসা মাঠে ইউনিয়নের অন্তর্গত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ২০১৫ ও ২০১৬ সনের পিএসসি, ইবতেদায়ী সমাপনী, জেএসসি, জেডিসি, এসএসসি ও দাখিল পাশ কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফরিদুল ইসলাম এসব কথা বলেন।
আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বকর ছিদ্দীক’র সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ণ রায়, আস্করপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনসুর হাজী দাখিল মাদরাসার সুপার মাওঃ মনসুর আলী, খানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকসেদুল হক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনসুর হাজী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে স্বর্ণ পদক তুলে দেন। উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে আস্করপুর ইউনিয়নের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের পদক বিতরণ করে আসছে। অনুষ্ঠানে আস্করপুর ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক ও অন্যান্য সুধী উপস্থিত ছিলেন।