লালমনিরহাট প্রতিনিধি: জেলা ১৪ দলের নেতাকর্মী ও বিশিষ্ট সমাজপতিদের নিয়ে ২৫১ সদস্য বিশিষ্ট সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিটি গঠন করা হয়েছে। শনিবার জেলা পরিষদ মিলনায়তনে সন্ধ্যায় এক আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে জেলা ১৪ দলের আয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপির সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, ১৪দলের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল হক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, সমাজসেবী হাফিজ ফেরদৌস স্বপন প্রমুখ।
পরে মোতাহার হোসেন এমপিকে সভাপতি ও মতিয়ার রহমানকে সদস্য সচিব নির্বাচিত করে ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়।
জেলার পাঁচ উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী, বুদ্ধিজীবী ও ১৪ দলের নেতাকর্মীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ এ কমিটি গঠন করা হবে।
এছাড়াও ১৪ দলের নেতাকর্মীদের পাশাপাশি মসজিদের ইমাম, মন্দির ও গীর্জার পুরোহিত, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, রাজনীতিক, জনপ্রতিনিধিরাও থাকবেন কমিটিতে।