সিসি নিউজ: ইসলামকে শান্তি ও মানবতার ধর্ম উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটি কুচক্রী মহল ইসলাম ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদ, সন্ত্রাস ও ধ্বংসাত্বক কার্যকলাপের অপপ্রয়াস চালাচ্ছে। আমরা কখনোই ইসলামকে কলুষিত হতে দেবো না এবং ইসলামের বদনাম বরদাস্ত করবো না।’বুধবার (৩ আগস্ট) সকালে রাজধানীর আশকোনায় আনুষ্ঠানিকভাবে হজ ক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘যখন দেখি ওই জঙ্গিরা দেশের নিরীহ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করছে, সাধারণের জীবনের উপর অশান্তি কায়েম করতে চাচ্ছে তখনই সবচেয়ে বেশি খারাপ লাগে।’
যারা নিরীহ মানুষ হত্যা করছে তারা ইসলামকে অন্যের কাছে হেয় করছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো একটি গোষ্ঠীর মদদে ইসলামের নামে জনগণের জানমালের নিরাপত্তায় বিঘ্ন ঘটানো হচ্ছে। বাংলাদেশে ইসলামকে এভাবে হেয় প্রতিপন্ন করার পেছনে কার স্বার্থ জড়িত তা জনগণ ভালো করেই জানে।’
বাংলাদেশে জঙ্গিদের ঠাঁই হবে না এমন হুঁশিয়ারি দেয় তিনি বলেন, ‘যারা খুন-খারাবি করে, মানুষ হত্যা করে ধর্মকে হেয় করছে তাদের বিরুদ্ধে জাতিকে সোচ্চার হতে হবে। ঘরে-বাইরে, কর্মস্থলে সবাইকে সজাগ থাকতে হবে।’