এদিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান, নিহতদের মরদেহ র্যাব সদস্যরা পাহারা দেয়ায় সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অবশ্য র্যাব-১৪ থেকে গণমাধ্যমকর্মীদের জানানো হয়েছে, এ ঘটনার ব্যাপারে আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবে র্যাব।
র্যাব- ১৪ থেকে জানানো হয়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইলের ডাঙরি এলাকায় বোমা হামলা ও গুলিবর্ষণ করে জঙ্গি ছিনিয়ে নেয়ার সময় সাথে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলো শোলাকিয়ায় পুলিশ হত্যা মামলার আসামি শফিউল ওরফে ডন ও আরেকজন হচ্ছে আবু মুকাতিল। র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খানও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় র্যাবের ৩ সদস্যও আহত হয়েছেন।
নান্দাইল মডেল থানার ওসি আতাউর রহমান জানান, বন্দুকযুদ্ধের ঘটনায় শফিউল ও আবু মুকাতিল ঘটনাস্থলেই নিহত হয়। রাত ১২টার সময় তাদের মরদেহ নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, বোমা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলের আশেপাশে র্যাবের অভিযান চলছে।