নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ঐতিহ্যবাহী শতবর্ষী কিশোরগঞ্জ বহুমূখি মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয় করণের দাবিতে দলমত নির্বিশেষে স্থানীয় মানুষ কিশোরগঞ্জ নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে কিশোরগঞ্জ-রংপুর সড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করেছে।
সোমবার দুপুরে কিশোরগঞ্জ নাগরিক ঐক্য পরিষদের এই কর্মসূচিতে বিদ্যালয়ের অন্তত ১৪শ’ শিক্ষার্থী, ৪২জন শিক্ষাক-কর্মচারীসহ তিন সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। এসময় কর্মসূচিতে সংহতি প্রকাশ করে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, মহিলা লীগ, জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, আওয়ামী নবীন লীগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, স্থানীয় প্রেসক্লাবসহ আরো কয়েকটি সংগঠন অংশ নেয়।
মানববন্ধন ও সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা এক ঘন্টা কিশোরগঞ্জ-রংপুর সড়ক অবরোধ করে রাখেন। কর্মসূচি শেষে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্র্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারক লিপি দেন আন্দোলনকারীরা।
মানববন্ধন চলাকালে এসময় সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা নাগরিক কমিটির সভাপতি ফজলে রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসছারুল হক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মমতাজুল ইসলাম সাবুল, প্রাধান শিক্ষক গোলাম আজম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্প্রাদক হিজবুল্লাহ রহমান ডালিম,প্রেসক্লাব সভাপতি ফজল কাদিরসহ কর্মসূচীতে অংশগ্রহণকারী অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তরা অভিযোগ করে বলেন, ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি দেশের ৬৩টি বিদ্যালয়ের মধ্যে শিক্ষার মান, ভৌগলিক অবস্থান বিবেচনায় ২০০৮ সালে বিদ্যালয়টিকে মডেল বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হলেও সম্প্রতি জাতীয়করণের তালিকায় এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম না থাকায় উপজেলাবাসী হতাশ।
বিদ্যালয়টিতে বিজ্ঞান, মানবিক ও ভোকেশনাল কোর্সে ১ হাজার ৩শ’ ৯৯জন শিক্ষার্থী রয়েছে। তাই বিদ্যালয়টির শিক্ষার মানসহ সব বিবেচনায় এই প্রতিষ্ঠানটিকে জাতীয়করণের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানানো হয়।