বিশেষ প্রতিনিধি: গানে গানে বাদ্যযন্ত্রের তালে তালে প্রতিবাদী কণ্ঠস্বর ভেসে উঠে উদীচী শিল্পগোষ্ঠীর শিল্পীদের মনেপ্রানে। বুধবার “সংস্কৃতি হোক জাগরণের হাতিয়ার’ এ শ্লোগানকে সামনে রেখে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী ভ্রাম্যমান আলোচনা সভা ও গণসঙ্গীত পরিবেশন করেছে সৈয়দপুর উদীচী শিল্প গোষ্ঠি।
এদিন বিকেলবেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদ, থানা কমান্ড কার্যালয়ের সামনে এ গণসঙ্গীত ও আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর সরকারী কারিগরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. আমির আলী আজাদের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উদীচী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিউল ইসলাম রঞ্জু ও মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, সিপিবি সৈয়দপুর শাখার সভাপতি কমরেড নুরুজ্জামান জোয়ারদার, সৈয়দপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিকরুল হক, উদীচী’র সদস্য শেখ রোবায়তুর রহমান, সাংবাদিক রইজ উদ্দিন রকি প্রমুখ।
বক্তারা, দেশব্যাপী চলা সন্ত্রাসী ও জঙ্গি হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে সবাইকে সজাগ ও সচেতন হওয়ার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধী হওয়ার আহব্বান জানান।
পরে আলোচনা সভা শেষে উদীচী’র শিল্প গোষ্টির সদস্যরা পিকআপ ভ্যানে করে পুরো সৈয়দপুর জুরে প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে গণসংগীত পরিবেশন করেন।