সিসি নিউজ: স্বাধীনতা অর্জনের ৪৪ বছর পর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। বৃহস্পতিবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সম্পর্কিত গেজেট প্রকাশ করেছে।
বিষয়টি নিশ্চিত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, দেরিতে হলেও গেজেটটি প্রকাশ হওয়ায় তারা আনন্দিত। তিনি বলেন, অনেক আগেই ফেরদৌসী প্রিয়ভাষিণীর এই স্বীকৃতি প্রাপ্য ছিল। নানা কারণে গেজেট প্রকাশে দেরি হয়েছে। তবে মুক্তিযোদ্ধা হিসেবে তিনি শুরু থেকেই প্রাপ্য সব সুবিধা পাবেন।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় জানানো হয়, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর করা আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ এর ৭ (ঝ) এর ধারাঅনুসারে মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) হিসেবে স্বীকৃতি পেলেন প্রিয়ভাষিণী।
গত এপ্রিলে তিনি এ আবেদন করেছিলেন। এর আগে এই স্বীকৃতি পেতে ১২২ জন বীরাঙ্গনা আবেদন করেন। তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে সরকার।