
রংপুর: জেলা মোটর শ্রমিকদের বেতন ভাতা ও নিয়োগপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল এবং জেলা পুলিশ সুপারকে (এসপি) স্মারকলিপি প্রদান কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে রংপুর জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর শ্রমিকরা।
রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (১১ আগস্ট) আমাদের কর্মসূচি ছিলো। এসময় পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) পিস্তল হাতে শ্রমিকদের উপর চড়াও হয়। ওই এসআইর শাস্তি না হওয়া পর্যন্ত রংপুর জেলায় সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে।
এম এ মজিদ আরও বলেন, ডাক যোগে ২৫টি দফতরে স্মারকলিপি পাঠানো হয়েছে। আমাদের দাবি নিয়ে রংপুর পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিতে এলে ওই এসআই আমাকে হত্যার উদ্দেশ্যে পিস্তল বের করেন। এসআইর বিচার না হওয়া পর্যন্ত রংপুর জেলায় পরিবহন চলবে না।
পরে বিষয়টি নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠকে বসেন পরিবহন নেতারা। এতে রংপুরের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল- এ) আতাউর রহমান এবং মোটর শ্রমিক নেতরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এম এ মজিদ বলেন, রাতে সারাদেশের পরিবহন নেতাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে।