• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন |

দেশের প্রথম ৮ লেন সড়কের যাত্রা শুরু

1সিসি নিউজ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনিরআখড়া থেকে কাঁচপুর পর্যন্ত দেশের প্রথম ৮ লেন সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সড়কের উদ্বোধন করেন তিনি।
সেইসঙ্গে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর মাওয়া ও শিবচর প্রান্তে পাঁচ্চর-ভাঙ্গা জাতীয় মহাসড়কে চার লেন প্রকল্প কাজের উদ্বোধন ঘোষণা করেন।
শেখ হাসিনা বলেন, ‘আজ যাত্রাবাড়ী-কাঁচপুরে আট লেন সড়কের যাত্রা শুরু হলো। এর পাশাপাশি মাওয়া ও শিবচর প্রান্তে পাঁচ্চর-ভাঙ্গা চার লেন অর্থাৎ পদ্মা সেতুর লিংক রোড নির্মাণের কাজের উদ্বোধন করা হলো। এ উন্নয়ন দক্ষিণাঞ্চলের মানুষের কাছে পৌছে যাবে।’
তিনি বলেন, যাত্রাবাড়ীতে হলো দেশের প্রথম আট লেন সড়ক। এই জায়গা আগেই ছিল। কিন্তু কেউ উদ্যোগ নেয়নি। এর নির্মাণ কাজ শেষ হয়েছে। এই দুই প্রকল্পের মাধ্যমে আমাদের অর্থনৈতিক গতিশীলতা আরো বাড়বে। দারিদ্র্য বিমোচনে আরো অবদান রাখবে এই দুই প্রকল্প। ইনশাল্লাহ জাতির পিতার সোনার বাংলা আমরা গড়ে তুলব।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যে উন্নয়ন প্রকল্পগুলো হাতে নিয়েছি তা অবশ্যই একদিন সাফল্যের মুখ দেখবে। জাতির পিতা নিশ্চয় দেখছেন তার স্বপ্নের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শুধু এই আকাঙ্ক্ষাকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নকাজ করে যাচ্ছি।’
পদ্মা সেতু প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন করেছি, বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ের জাতি। কারো আধিপত্য, অন্যায় ও ষড়যন্ত্রের কাছে মাথা নত করিনি। আজ নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। বাংলাদেশ যে পারে সেটা প্রমাণ করেছি।’
যাত্রাবাড়ী-কাঁচপুর সড়ক দেশের প্রথম আট লেনের সড়ক। যাত্রাবাড়ীর ব্যস্ত এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যানবাহনের বাড়তি চাপ কমাতে ২০১১ সালের জানুয়ারিতে যাত্রাবাড়ী-কাঁচপুর সড়ক চার লেন থেকে আট লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেওয়া হয়। ১৩২ কোটি টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণে সময় লেগেছে চার বছর।
সড়কটি ৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ। সড়কে যাত্রী পারাপারের জন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তৈরি করা হয়েছে ওভারব্রিজ। পর্যায়ক্রমে আরও কয়েকটি মহাসড়ক ৮ লেনে উন্নীত করা বলে জানিয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ