ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাগরিক সেবা বাড়াতে ঢাকা বিভাগকে ছোট করা হয়েছে। এবার প্রশাসনিক কাজের সুবিধার্থে ঢাকাকে আরো ছোট করা হবে। ভবিষ্যতে নতুন নতুন বিভাগ করা হবে।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবগঠিত ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনাসংক্রান্ত সভায় তিনি এ সব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আগামী ২০-৩০ বছর পর দেশের জনসংখ্যা কত হবে, দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে, সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা করতে হবে।
‘কিছু হলেই রাজধানীতে ছুটে আসার’ সমালোচনা করে তিনি বলেন, ‘১৬ কোটি মানুষের কাছে সেবা পৌঁছে দিতে হলে আমাদের ক্ষমতাকে আরও বিকেন্দ্রীকরণ করা একান্তভাবে প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘এখন অনেক শহর এমন উন্নত হয়ে গেছে যে, ট্রাফিক জ্যাম হচ্ছে, বাইপাস করতে হচ্ছে। এসব চিন্তা-ভাবনা আমাদের পূর্ব থেকেই করা উচিৎ।’
প্রধানমন্ত্রী বলেন, সরকারের ‘দায়িত্ব’ বাংলাদেশের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া। তার নেতৃত্বে সরকার গঠনের পর থেকে স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করার মাধ্যমে জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে। চলতে থাকবে।