নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি প্রাইভেটকার খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর মাধবদি ভগিরাথপুর এলাকার এম এম গ্রুপের মালিক মোমেন মোল্লার ছেলে আশিকুর রহমান পাভেল, আবদুল বাতেনের ছেলে তুষার, রশিদ মেম্বারের ছেলে লিমন ও মাসুম মিয়ার ছেলে অভি। চারজনই ওই এলাকাতে কাপড়ের ব্যবসা করতেন।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল সালাম জানান, বিকেল ৫টার দিকে নরসিংদী থেকে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-ঘ-১৫ ১৮৩৪) চারজন ঢাকা যাচ্ছিলেন। পথে আড়াইহাজারের পুরিন্দায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে তুষার নামে একজন মারা যান।
তিনি জানান, আহত তুষারের সঙ্গে থাকা আশিকুর রহমান পাভেল, লিমন, অভিকে আশংকাজনক অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। ঢাকার অ্যাপোলে হাসপাতাল থেকে নিহত পাভেলের বড় ভাই ইয়াসিন জানান, এ হাসপাতালে আনা অপর ৩ জনও মারা গেছে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিউল আজম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পুরিন্দা এলাকাতে মজিবুর রহমান নামের এক ব্যক্তির মেয়ে স্কুল ছাত্রী আরিফা মহাসড়ক দিয়ে রাস্তা পার হচ্ছিল। ওই সময়ে তাকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়।