আজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে নতুন ভবন নির্মানের অজুহাতে বিদ্যালয়ের অর্ধ লক্ষাধিক টাকার গাছ বিক্রি করলেন প্রধান শিক্ষক ও সভপিতি। ঘটনাটি ঘটেছে উপজেলার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ বাওচন্ডি খিয়ারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দাখিল করে গাছ খেকোদের শাস্তির দাবী জানায়।
লিখিত অভিযোগে জানা যায়, সরকারী উদ্যোগে সম্প্রতিকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ বাওচন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন তিনতলা ভবন নির্মানের কাজ শুরু করা হয়। গত শুক্রবার (১২আগষ্ট) ভবন নির্মানের অজুহাতে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ম্যানেজিং কমিটির সভাপতি গনেশ চন্দ্রের সাথে আতাঁত করে রাতের অন্ধকারে বিভিন্ন প্রজাতের ১১টি গাছ কর্তন করে বিক্রি করেন। যার মুল্য আনুমানিক ৫৫হাজার টাকা। বিদ্যালয়ের উন্নয়ন সাধনের নামে গাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ করায় এলাকাবাসীর পক্ষে আতাউর রহমান প্রামানিক নামে একজন ব্যক্তি গাছ খেকো প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে বিভিন্ন দফতরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এবিষয়ে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি নতুন ভবন নির্মাণ করা হচ্ছে মর্মে বিদ্যালয়ের কিছু গাছপালা কেটে বিক্রি করা হয়েছে। গাছ বিক্রির অর্থ বিদ্যালয়ের কাজেই লাগানো হবে। আপনারা আমার সভাপতির সাথে যোগাযোগ করে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। এরপর সভাপতি গনেশ চন্দ্রের সাথে কথা হলে তিনি জানান, আমি কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি। প্রসেস মোতাবেক আমাদেরকে বিদ্যালয়ের গাছ কাটতে হয়না। এছাড়াও প্রসেস মোতাবেক ওই বিদ্যালয়ের গাছ কাটতে হলে দীর্ঘ সময় অতিবাহিত হতে পারে। তাই প্রধান শিক্ষক ও আমরা কমিটির সদস্যরা আলোচনা সাপেক্ষে গাছগুলো কেটে অল্প দামে বিক্রি করেছি। এলাকার কিছু লোকজন বিদ্যালয়ের মঙ্গল চাননা বলেই এখন তারা অভিযোগ করে বেড়াচ্ছে। বদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, রেজুলেশন ছাড়া বিদ্যালয়ের গাছ কর্তনের ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।