সিসি নিউজ: রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। বেলা সোয়া ১১টার দিকে ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়।
বিকেল ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে শুরুতে আগুন নিয়ন্ত্রণের একপর্যায়ে পানি সংকট দেখা দিলেও বর্তমানে পর্যাপ্ত পানি মজুদ করা হয়েছে। ঘটনাস্থলে এসেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান সাংবাদিকদের বলেন, মোট ১১ জন ভেতরে আটকা পড়েছিলেন। তার মধ্যে ৮/৯ জনকে উদ্ধার করেছি। বাকিদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে।
তিনি জানান, ৬ তলায় সিলিং থেকে আগুন লেগেছে। বর্তমানে আগুনের পিণ্ড নেই, তবে ধোঁয়া আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা অক্সিজেন মাস্ক পরে কাজ করছেন বলেও জানান আলী আহমদ খান।
আগুন লাগার পর পান্থপথে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে শপিং মলের সামনে ভিড় জমিয়েছে উৎসুক জনতা।