ঢাকা: টঙ্গী ও গাজীপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) মহিলা শাখার প্রশিক্ষকসহ পাঁচজনকে আটকে করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় একথা জানিয়েছে র্যাব। তাদের কাছ থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।
র্যাব জানায়, আটককৃতদের মধ্যে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) মহিলা শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির রাশেদুজ্জামান রোজ রয়েছেন।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি র্যাব। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্রমতে জানা যায়, প্রশিক্ষক রাশেদুজ্জামান রোজ ছাড়া বাকি চারজন হলেন সাহাবুদ্দিন, ফিরোজ, সাইফুল ও আব্দুল হাই।
গত সপ্তাহেই গাজীপুরের সাইনবোর্ড, মগবাজার ও মিরপুর এলাকা থেকে জেএমবির চার নারী জঙ্গি সদস্যকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন জেএমবির নেত্রী আকলিমা রহমান, ঐশী, মৌ ও মেঘলা। তারা সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
এর আগে সিরাজগঞ্জ থেকে জেএমবির চার নারী সদস্যকে আটক করার কথা জানিয়েছিল গোয়েন্দা পুলিশ।