সিসি নিউজ: রংপুর বিভাগের প্রশাসনিক অনুমোদন দেয় সরকার ২০১০ সালের ২৫ জানুয়ারি। অনুমোদনের ছয় বছর পর ১০তলা বিশিষ্ট রংপুর বিভাগীয় সদর দপ্তর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এজন্য ৭৬ কোটি টাকা ব্যয়ে ‘রংপুর বিভাগীয় সদর দপ্তর নির্মাণ’ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় মোট পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে তথ্য জানান।
মুস্তফা কামাল জানান, রংপুর অতি প্রাচীন জেলা। এরই মধ্যে রংপুর বিভাগ ঘোষণা করা হয়েছে। কিন্তু বিভাগীয় কর্মকর্তাদের জন্য যেমন- বিভাগীয় কমিশনার, ডিআইজিসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তাদের জন্য কোনো কার্যালয় নেই। তাই রংপুরে বিভাগীয় সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ‘১০ তলা বিশিষ্ট রংপুর বিভাগীয় সদর দপ্তর নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৬৩ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে সরকারি কাজের উপযোগী পরিবেশ সৃষ্টি হবে এবং সুশাসন প্রতিষ্ঠা হবে।’