• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন |

ঢাকা-খুলনা রুটে চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু

চিত্রাসিসি নিউজ : আসন্ন পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয়েছে। ভারত থেকে আমদানি করা নতুন রেলওয়ে কোচ দিয়ে ঢাকা-খুলনা রুটে মঙ্গলবার থেকে এ ট্রেনের যাত্রা শুরু হলো। রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এমপি সন্ধ্যায় ঢাকার কমলাপুর রেল স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ ট্রেনের উদ্ধোধন করেন। এ সময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের শতভাগ সেবা প্রদানে কাজ করছে। এ জন্য নতুন নতুন রেলওয়ে কোচ সংগ্রহ করে বিভিন্ন রুটে পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে ঢাকা-খুলনা রুটে চলাচলকারী চিত্রা এক্সপ্রেস ট্রেন আজ মঙ্গলবার থেকে নতুন কোচ দিয়ে চালু করা হলো। উদ্বোধন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী সেপ্টেম্বরে ঢাকা-মোহনগঞ্জ রুটে এক জোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে। প্রসঙ্গত চিত্রা এক্সপ্রেস ট্রেনে ১২টি কোচ রয়েছে। এর মধ্যে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার কোচ, দুটি এসি চেয়ার কোচ, ৬টি শোভন চেয়ার এবং ২টি পাওয়ার কার রয়েছে।
মন্ত্রী বলেন, ঢাকা- দেওয়ানগঞ্জ রুটে তিস্তা এক্সপ্রেস, ঢাকা-সিলেট রুটে পারাবত এক্সপ্রেস, ঢাকা-দিনাজপুর রুটে দ্রুতযান ও একতা এক্সপ্রেস ট্রেন নতুন আমদানি করা কোচ দিয়ে পরিচালনা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ঈদুল আজহার সময় যাত্রীদের শতভাগ সেবা প্রদান করতে বাংলাদেশ রেলওয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আগামীতে আরো নতুন রেলওয়ে কোচ দিয়ে বিভিন্ন রুটে ট্রেন পরিচালনা করা হবে।
মন্ত্রী গ্রিন সিগন্যাল দিয়ে চিত্রা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। এর আগে তিনি চিত্রা এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন কামরা পরিদর্শন করেন এবং যাত্রীদের সাথে কুশলাদি বিনিময় করেন। এ সময় রজনীগন্ধা ফুল দিয়ে তিনি যাত্রীদের স্বাগত জানান। তিনি জানান, আগামী মাসে ঢাকা-খুলনার মধ্যে চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন নতুন রেলওয়ে কোচ দিয়ে চালু করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহউদ্দিন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মোহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) রফিকুল আলম ও বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার খায়রুল আলমসহ রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন জানান, ভারত থেকে এ পর্যন্ত ৬০টি নতুন ব্রডগেজ রেলওয়ে কোচ দেশে এসে পৌঁছেছে। আরো ৬০টি কোচ আগামী ডিসেম্বরের মধ্যে দেশে এসে পৌঁছাবে। তিনি জানান, ভারতীয় ঋণে এ কোচগুলো আমদানি করা হচ্ছে।
মহাপরিচালক জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় ১৫০টি মিটার গেজ রেলওয়ে কোচ ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হচ্ছে। ইতোমধ্যে ৫৯টি কোচ দেশে এসে পৌঁছেছে। অবশিষ্ট কোচগুলো আগামী ডিসেম্বরের মধ্যে দেশে এসে পৌঁছবে। আর বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মোহাম্মদ শামসুজ্জামান জানান, ব্রডগেজ প্রতিটি কোচের মূল্য প্রায় ৫ কোটি ২০ লাখ টাকা এবং প্রতিটি মিটারগেজ কোচের মূল্য প্রায় ৪ কোটি ৪০ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ