রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : সিসি নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে ‘রাজারহাটে বিয়ের দাবিতে অনশন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর টনক নড়ে অবশেষে বুধবার গভীর রাতে নবম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার (১৪) কে তড়িঘড়ি করে বিয়ে করে রক্ষা মিলেছে ভন্ড প্রেমিক আনোয়ারুলের। এ বাল্য বিয়ের খবর ছড়িয়ে পড়লে জনমনে তোলপাড় সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, উপজেলার উমর মজিদ ইউপির ডাংঘাট এলাকার আব্দুল খালেকের স্কুল পড়–য়া কন্যা ও বটতলি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী খাদিজা আক্তার এর সঙ্গে পার্শ্ববর্তী নাজিমখান ইউপির মোসলেম উদ্দিন কসাইয়ের পুত্র আনোয়ারুল ইসলামের ২ বছর পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে তাদের প্রেমের সূত্রপাত ঘটে। এরই সূত্র ধরে গত রোববার রাতে খাদিজার পরিবারের অগোচরে আনোয়ারুল বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে নিয়ে এক বন্ধুর বাড়িতে ওঠে। পরদিন সকালে প্রেমিকাকে ফেলে পালিয়ে যায় ভন্ড প্রেমিক আনোয়ারুল। এরপর সোমবার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকা খাদিজা অনশন শুরু করে। এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এটি সম্পূর্ণরূপে আইনবর্হিভূত। এই বাল্য বিবাহ রেজিষ্ট্রারীকারী কাজীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ঘটনার সত্যতা মিললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রেমিক আনোয়ারুলের পিতা মোসলেম উদ্দিন কসাইয়ের সঙ্গে কথা হলে তিনি বলেন, গত রাতে (বুধবার) বিয়ে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত কাজী গোলাম মোস্তফা কাবিন নামা করার কথা তিনি সিসি নিউজের এ প্রতিনিধিকে জানান। নাজিমখান ইউপির দায়িত্বপ্রাপ্ত কাজী গোলাম মোস্তফার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।