মমিনুল ইসলাম বাবু, কুড়িগ্রাম: ‘যারা দেশকে ধ্বংস করতে চায় তাদের সাথে কোন সমঝতা কিংবা ঐক্য নয়, যেমন বাঘ আর হরিণের সাথে ঐক্য হয়না তেমনি বিএনপি-জামায়াতের সাথে আওয়ামীলীগের ঐক্য হয়না’ বললেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রি মতিয়া চৌধুরী এমপি। এছাড়াও তিনি জামায়াত নিষিদ্ধের বিষয়ে বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতকে নিষিদ্ধের প্রক্রিয়া চলছে আমরা অবৈধভাবে কিছু করিনা সব কিছু আইনের মাধ্যমেই হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশিল। নিজেরা আইন মেনে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার।
সম্প্রতি বন্যায় কুড়িগ্রামে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের কৃষি পূর্ণবাসন কর্মসূচির আওতায় কুড়িগ্রাম সদর উপজেলা চত্বরে ও নাগেশ^রী উপজেলা চত্বরে পৃথক দুটি স্থানে ধানের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।
শনিবার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের চারা বিতরণের মাধ্যমে কৃষিপূর্ণবাসন কর্মসুচির উদ্বোধন করেন, কৃষি মন্ত্রি মতিয়া চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন,কৃষি মন্ত্রণালয়ের সচিব মইনুদ্দিন আব্দুল্লাহ,বাংলাদেশ এগ্রিকালচার ডেভলপমেন্ট করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান নাসিরুজ্জামান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ জাফর আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, জেলা প্রশাসক খান মো: নুরুল আমিন,পুলিশ সুপার তবারক উল্লাহ্ প্রমুখ।
এর আগে কৃষি মন্ত্রী সকালে নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্তরে কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সাংসদ মোস্তাফিজার রহমান মোস্তা।
কুড়িগ্রাম কৃষি বিভাগের উপ-পরিচালক মকবুল হোসেন জানান, চলতি বন্যায় জেলায় কম বেশী দেড় লাখ কৃষক ক্ষতিগ্রস্থ হয়। এর মধ্য থেকে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১৬হাজার ৬৫০ জন কৃষকের কৃষিপূর্ণবাসন কর্মসূচির আওতায় আনা হয়েছে। এতে ব্যয় হবে ৯লাখ ৯২ হাজার টাকা। এরমধ্যে ৩হাজার কৃষককে ৭লাখ ৮০ হাজার টাকার শাক-সব্জির বীজ এবং ৩১৮ জন কৃষককে ২লাখ ১২হাজার টাকার রোপা আমনের চারা বিতরণ করা হবে।
কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী শুক্রবার দিবাগত রাত ৯টায় কুড়িগ্রাম সার্কিট হাউজে রংপুর কৃষি অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের অধিন সকল সংস্থা প্রধানদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীদের কৃষকের পাশে থাকার পরামর্শ দেন। কৃষকরা যেন কোন প্রকার হয়রানীর স্বীকার না হয় সে ব্যাপারে সতর্ক থাকবার নির্দেশদেন তিনি।
এসময় তিনি স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথেও পৃথক ভাবে মতবিনিময় করেন।