নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বজ্রপাতের আগুনে একটি পরিবারের ৫টি টিনের ঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। এসময় বজ্রপাতের আঘাতে দুই গৃহবধু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধী রয়েছেন। সোমবার সকালে জলঢাকা পৌর শহরের উত্তর কাজিরহাট আজগার মাষ্টারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে বলে জানান কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান।
প্রত্যক্ষর্দশীদের বরাত দিয়ে ওসি মোস্তাফিজার জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মুষলধারে বৃষ্টিসহ বজ্রপাত ঝড়ছিল।
এসময় বিকট শব্দে একটি বজ্রপাতে ওই মহল্লার আমিনুর রহমানের বাড়ীর টিনের ছাদে পড়ার সাথে সাথে গোটবাড়িতে আগুন লেগে যায়।
এতে আমিনুরের ৫টি টিনের ঘর, ঘরে থাকা আসবাবপত্র, নগদ ৬০ হাজার টাকা, ধান-চালসহ সংসারের অন্যান্য জিনিপত্র পুড়ে ছাই হয়। এ ঘটনায় ওই পরিবারের আঞ্জুয়ারা বেগম (৩২) ও পারুল আকতার (২৮) নামের দুই গৃহবধু আহত হয়। তাদেরকে জলঢাকা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ আমিনুর রহমানের ছেলে অহিদুল ইসলাম জানায়, বজ্রপাতের কারণে আমাদের বাড়ির ৫টি ঘর, আসবাবপত্র, নগদ ৬০ হাজার টাকা ২০ মন ধান সহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং আমার স্ত্রী ও ভাইয়ের স্ত্রী এ ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছে। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স জলঢাকা স্টেশনের দলনেতা মমতাজুল ইসলাম বলেন, বজ্রপাতের আগুনে এ দুর্ঘটনাটি ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমানের এখনও বলা সম্ভব নয়, কাজ চলছে।